’স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’
নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম দাবি করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় তার সঙ্গে অন্যায় করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রিমান্ড শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।এদিন বেলা ১১টার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে রাজধানীর শাহবাগ থানা থেকে আদালতে তোলা হয়। তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবীর করা জামিন আবেদনের বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।এদিন সকালে রিমান্ড শুনানিতে কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি পুলিশ। ‘কোন আইনে ঢুকতে দেওয়া হয়নি’ প্রশ্ন করা হলে পুলিশের সঙ্গে সাংবাদিকদের কয়েকবার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা রোজিনাকে জিজ্ঞেস করেন, ‘আপনার কিছু বলার আছে কি না?’
উত্তরে রোজিনা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’একথা বলার সাথেই তাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশ ‘কথা বলা যাবে না, কথা বলা যাবে না’ বলে তাকে সরিয়ে নেয়।
এর আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।
সুত্রঃমানবকণ্ঠ